পশ্চিমা ধাঁচে সাজানো শয়নকক্ষ, আর সফটওয়্যার দিয়ে ব্যবহার করা ফ্রান্সের নম্বর—সবকিছুই ছিল পরিকল্পনার অংশ। লক্ষ্য ছিল অবিবাহিত তরুণীরা। ফোন, ইমো বা হোয়াটসঅ্যাপে বিদেশে বসবাসের গল্প শোনিয়ে বিশ্বাস অর্জন করত সে।
বিয়ের প্রলোভন দেখিয়ে কারও সঙ্গে গোপনে সম্পর্ক গড়ে তুলত, আবার কাউকে দীর্ঘদিন আশ্বাস দিয়ে রেখে অর্থ হাতিয়ে নিত। এভাবে বহু তরুণীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে প্রতারণা চালিয়ে যাচ্ছিল ইমাম হোসেন (৪২) নামের ওই ব্যক্তি।
অবশেষে এক ভুক্তভোগী তরুণীর মামলার সূত্র ধরে সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে জানা গেছে, সে ইতোমধ্যে একাধিক বিয়ে করেছে বলে স্বীকার করেছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ তার মোবাইল ফোনে অসংখ্য নারীর সঙ্গে যোগাযোগ ও ছবি পেয়েছে। ধারণা করা হচ্ছে, শতাধিক নারী তার প্রতারণার শিকার হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন সহযোগীর নামও উঠে এসেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই প্রতারকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত চলছে।