আজকের ঘরে ঘরে মাল্টিপ্লাগ বা পাওয়ার স্ট্রিপ ব্যবহৃত হলেও কিছু বৈদ্যুতিক যন্ত্র কখনও এর মাধ্যমে চালানো নিরাপদ নয়। ভুলভাবে ব্যবহার করলে শুধু যন্ত্র নষ্ট হয় না, কখনও কখনও অগ্নিকাণ্ডের ঝুঁকিও তৈরি হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘মিস্টার স্পার্কি’ ও ‘লাইভওয়্যার ইলেকট্রিক্যাল’-এর বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ফ্রিজ ও ডিপ ফ্রিজ, যেগুলো সবসময় চালু থাকে, মাল্টিপ্লাগে সংযুক্ত করলে সার্কিট ট্রিপ হতে পারে এবং কম্প্রেসর ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই যন্ত্রগুলো সর্বদা দেয়ালের সকেটে সরাসরি সংযুক্ত রাখতে হবে।
মাইক্রোওয়েভ ওভেন, ছোট রান্নাঘরের যন্ত্রপাতি যেমন কফি মেকার, টোস্টার ও ব্লেন্ডারও মাল্টিপ্লাগে ব্যবহার করা বিপজ্জনক। হঠাৎ লোড বেড়ে সার্কিট ওভারহিট বা তারের ইন্সুলেশন গলে যাওয়ার ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকে। স্পেস হিটার, এয়ার কন্ডিশনার, হেয়ার ড্রায়ার ও স্ট্রেইটনারও সরাসরি দেয়ালের সকেটে সংযুক্ত করা উচিত।
চিকিৎসা সংক্রান্ত যন্ত্র যেমন সিপিএপি মেশিন বা অক্সিজেন কনসেন্ট্রেটরের জন্যও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। মাল্টিপ্লাগে ব্যবহার করলে হঠাৎ বিদ্যুৎ ওঠানামায় যন্ত্র বন্ধ হয়ে গিয়ে জীবনহানির ঝুঁকি তৈরি হতে পারে।
গেইমিং কম্পিউটার ও হাই-এন্ড অডিও সিস্টেমের মতো যন্ত্রপাতির জন্য সাধারণ মাল্টিপ্লাগ নয়, বরং সার্জ প্রটেক্টর ব্যবহার করা উচিত। এছাড়া এক মাল্টিপ্লাগে আরেকটি মাল্টিপ্লাগ লাগানো ‘ডেইজি-চেইনিং’ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বিশেষজ্ঞদের পরামর্শ: যন্ত্র থেকে তাপ উৎপন্ন হয়, মোটর আছে বা এক হাজার ওয়াটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে, সেগুলো কখনও মাল্টিপ্লাগে ব্যবহার করা উচিত নয়। ফোন চার্জার, টেবিল ল্যাম্প বা ছোট ইলেকট্রনিক্সের জন্য মাল্টিপ্লাগ ব্যবহার নিরাপদ, কিন্তু ভারী যন্ত্রের জন্য সরাসরি দেয়ালের সকেটই সবচেয়ে সুরক্ষিত।